বৃহস্পতিবার ৭ মে ২০২৬
মুজিব উদ্যানে শায়িত হবেন জয়নাল হাজারী
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ১০:০৯ এএম   (ভিজিট : ৫৮৪)
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারীর জানাজা ও দাফন আজ মঙ্গলবার বিকেলে সম্পন্ন হবে।

ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী জানান, আজ বিকেল সাড়ে ৪টায় বাদ আসর ফেনী পাইলট হাইস্কুল মাঠে জানাজা শেষে শহরের মাস্টারপাড়ায় মরহুমের ইচ্ছানুযায়ী বাড়ির আঙ্গিনায় মুজিব উদ্যানে তার লাশ দাফন করা হবে।

ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান জানান, জানাজার আগে বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হবে। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে রাজধানী ঢাকার ল্যাব এইড হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী ইন্তেকাল করেন। একাধিক শারীরিক জটিলতা নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

১৯৪৫ সালের ২৪ আগস্ট নানা হাবিবুল্লাহ পণ্ডিতের বাড়িতে জয়নাল হাজারীর জন্ম। হাবিবুল্লাহ একজন নামকরা পণ্ডিত ছিলেন। জয়নাল হাজারীর বাবা গণি হাজারী আর মায়ের নাম রিজিয়া বেগম। জয়নাল হাজারী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

সময়ের আলোচিত জয়নাল হাজারী ফেনী-২ (ফেনী সদর) আসন থেকে ১৯৮৬, ’৯১ ও '৯৬ সালে সাংসদ নির্বাচিত হন। এছাড়া ১৯৮৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বির্তকিত কর্মকাণ্ডের জন্য ২০০৪ সালে হাজারীকে দল থেকে বহিষ্কার করা হয়।

এর আগে ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় ১৬ আগস্ট রাতে যৌথবাহিনী তাঁর বাড়িতে অভিযান চালায়। তিনি তখন পালিয়ে আত্মগোপনে ভারতে চলে যান। ২২ মামলার আসামি হয়ে দীর্ঘদিন তিনি আত্মগোপনে দেশের বাইরে ছিলেন।

২০০৯ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে তিনি ভারত থেকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করেন। একে একে তার বিরুদ্ধে করা সব মামলা থেকে অব্যাহতি পান। ২০১৯ সালের ২৮ অক্টোবর তিনি আওয়ামী লীগের নতুন করে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হন।

ভারত থেকে দেশে ফিরে ২০১০ সাল থেকে ঢাকাতেই বসবাস করে আসছিলেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।

আজকালের খবর/বিএস










Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft