সোমবার ৮ জুন ২০২৬
ধামইরহাটে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে নেপিয়ার ঘাস
প্রকাশ: রোববার, ২৩ মে, ২০২১, ৩:৩০ পিএম   (ভিজিট : ৩২২৪)
নওগাঁর ধামইরহাটে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে নেপিয়ার (পাকচং-১) জাতের ঘাস। কৃষকরা ধানের খড়ের বিকল্প হিসেবে উচ্চ ফলনশীল ও পুষ্টিকর গো-খাদ্য হিসেবে এ ঘাস চাষে ঝুঁকে পড়েছে। অনেকে বাণিজ্যিকভাবে এ ঘাস চাষে সফল হয়েছেন। উপজেলা প্রাণিসম্পদক বিভাগ থেকে চাষিদেরকে এ ঘাস চাষে উদ্বৃদ্ধ করতে প্রদর্শনী প্লট দেওয়া হয়েছে।

জানা গেছে, গবাদিপশুর দাম ব্যাপক বৃদ্ধি পাওয়ায় কৃষকরা বাণিজ্যিকভাবে গরু-ছাগলের খামার গড়ে তুলছে। বর্তমানে প্রত্যেক কৃষক বাড়িতে গরু, ছাগলসহ অন্যান্য গবাদিপশু ব্যাপকভাবে পালন করা হচ্ছে। বিগত কয়েক বছর ধরে ভারত থেকে পশু আসা বন্ধ থাকায় দেশীয় পশু চাষ করে কৃষকরা বেশ লাভবান হচ্ছেন। এ লাভের আশায় গ্রামের কৃষকরা বাড়িতে গবাদিপশু পালনে ঝুঁকে পড়ছে। এসব পশুর প্রধান খাদ্য ধানের খড়। কিন্তু বেশ কয়েক বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় বন্যার দেখা দেওয়ার কারণে এ এলাকার ধানের খড় বন্যা কবলিত এলাকার পাইকাড়র বেশি দামে কিনে যাচ্ছেন। এতে এলাকার অনেক কৃষক গবাদিপশুর খড় সংকটে পড়ছেন। চড়া দামে খড় কিনে গবাদিপশুকে খাওয়াতে অনেক কৃষকের সম্ভব হয় না। এতে পশু পালনে খরচ বেড়ে যাচ্ছে। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে এলাকার ডেইরী ফার্ম চাষিদেরকে উচ্চ ফলনশীল ও পুষ্টি সমৃদ্ধ নেপিয়ার ঘাস (পাকচং-১)  সম্পর্কে অবগত করেন। এছাড়া কৃষকদের মাঝে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আত্ম-সামজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে এ ঘাসের প্রদর্শনী প্লট দেওয়া হয়েছে। এতে কৃষকরা বেশি পরিমাণে এ ঘাস চাষ করছেন। কাটিংয়ের মাধ্যমে এ ঘাস জমিতে লাগানোর ৩০-৩৫ দিনের মধ্যে ঘাস কাটা শুরু হয়।  

উপজেলার হাটনগর গ্রামের তরুণ ডেইরী খামারী উদ্যোক্তা আবু সাঈদ বলেন, তার খামারে বড় আকারে ১৬টি গাভী ও ছয়টি ষাঁড় রয়েছে। তিনি প্রাণিসম্পদ বিভাগের অনুপ্রেরণায় এক একর জমিতে নেপিয়ার ঘাস চাষ করেছেন। এ ঘাস দিয়ে তার খামারের গবাদিপশুর খাদ্য সংকুলান হয়েছে। বর্তমানে তার চাষকৃত ঘাস দিয়ে সারা বছর প্রায় ৪০টি গরুর খাবার সংকুলান হচ্ছে। মাঝে মধ্যে গরুর পায়খানা শক্ত করার জন্য ধানের খড় খাওয়ানো হয়। 

উপজেলা প্রাণিসম্পদক কর্মকর্তা ডা. এমরান আলী প্রমানিক বলেন, বর্তমানে গবাদি পশুর দাম ভালো পেয়ে কৃষকরা ডেইরী ফার্মে ঝুঁকে পড়ছে। এ উপজেলার প্রায় ১১ হাজার ৩০০ ডেইরী খামার রয়েছে। অধিকাংশ খামারীরা পশু খাদ্য হিসেবে উচ্চ ফলনশীল ও পুষ্টিসমৃদ্ধ নেপিয়ার (পাকচং-১) জাতের ঘাস চাষ করছেন। ইতোমধ্যে কৃষকরা প্রায় ৫০ একর জমিতে এ ঘাস রোপন করেছেন। এ ঘাস চাষ করলে পশুর খাদ্যের কোনো সংকট থাকে না। 

আজকালের খবর/এএইস









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft