অনেকটা সময় পর শাপলা মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত প্রেক্ষাগৃহে এসেছে মাহিয়া মাহি অভিনীত ‘বুবুজান’ সিনেমাটি। পূর্ব প্রচারণা ছাড়াই সিনেমাটি ২১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। তবে এতে বিপত্তি দেখা গেছে ফোর সিটের একটি পোস্টারকে ঘিরে। এতে সেন্সর নীতিমালার লঙ্ঘন করে পোস্টার সাটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। পোস্টারটি সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানের সাক্ষরহীন। এছাড়াও সেন্সসরবোর্ডকে পাস কাটিয়ে ধুমপানের স্থিরচিত্রসহ পোস্টার সাঁটানো হয়েছে। শোভা পাচ্ছে হলগুলোতেও!
সরেজমিনে ঢাকার অদূরে সাভার ক্যান্টনমেন্টের সেনা অডিটোরিয়ামে এমন একটি ফোর সিটের পোস্টার দেখা গেছে। পোস্টারে সেন্সরবোর্ডের সীলমোহর ও সেন্সরবোর্ডের ভাইসচেয়ারম্যানের সাক্ষরহীন। যা সেন্সরবোর্ড নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
পোস্টারে অভিনেতা কমল পাটেকারের মুখে একটি সিগারেট দেখা গেছে।
এ ব্যাপারে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না বলে ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
পরে শাপলার ম্যানেজার বাদলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন- বুবুজানের সব পোস্টার সেন্সর করা। সেগুলোই হলে পাঠানো হয়েছে। তাহলে ধুমপানসম্বলিত পোস্টার কিভাবে হলে গেলো এমন প্রশ্নের জবাবে তিনি দাবি করেন হয়তো সেন্সরবোর্ড খেয়াল না করেই ওই পোস্টারের অনুমোদন দিয়েছে। তারপরও আমরা খতিয়ে দেখছি।
শাপলার ম্যানেজারের এমন দাবির পর এ নিয়ে সেন্সরবোর্ড সচিব মাইনউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাধারণত এমনটা হওয়ার কথা নয়, তারপরও রবিবার অফিস ডেতে যাচাই করবো। আমাদের সঙ্গে প্রতারণা করে এমনটা করা হলো কিনা সেটাও দেখবো। সত্যি প্রমাণিত হলে প্রযোজনার সংস্থার বিরুদ্ধে সেন্সরবোর্ড নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তবে নাম প্রকাশ না করার শর্তে শাপলা মিডিয়ার একাধিক কর্মচারী এই প্রতিবেদকের কাছে জানিয়েছেন- সিনেমার পোস্টার সেন্সর করার আগেই হলে হলে পাঠিয়ে দেওয়া হয়েছে।
নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘বুবুজান’ সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি।
এই ছবিতে ‘বুবুজান’র ভূমিকায় আছেন মাহিয়া মাহি। তার ভাই হিসেবে রয়েছেন শান্ত খান। আর শান্তর নায়িকা নিশাত নাওয়ার সালওয়া। এছাড়াও অভিনয় করেছেন সাবেরী আলম, শিবা শানু, কমল পাটেকর প্রমুখ।
যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘বুবুজান’: রুটস্ সিনেক্লাব (সিরাজগঞ্জ), মনিহার (যশোর), মতিন (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), সেনা অডিটোরিয়াম (সাভার), ছায়াবানী (ময়মনসিংহ), চন্দ্রিমা (শ্রীপুর), শঙ্খ (খুলনা), চাঁদ মহল (কাঁচপুর), নন্দিতা (সিলেট), চিত্রা মহল (ঢাকা), শ্যামলী (ঢাকা), আনন্দ (ঢাকা), বিজিবি (ঢাকা), নিউ মেট্রো (নারাছুগঞ্জ), গীত (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা), তাজ (নওগাঁ), অভিরুচি (বরিশাল), সিনেমা প্যালেস (চট্টগ্রাম) ও মোহনসিং (হবিগঞ্জ)।
আজকালের খবর/আতে